বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছয় ঘণ্টা পর হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। আকস্মিক অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিপর্যয়ে চরম আতঙ্ক ও ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখাসংলগ্ন সুইচবোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে কর্তব্যরত নার্সরা রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সুইচবোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যাওয়ায় পুরো হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীরা ছোটাছুটি শুরু করেন। টানা ছয় ঘণ্টা মেরামতকাজ শেষে দুপুর ১২টার দিকে ওয়ার্ডগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। বিদ্যুৎ ফিরে আসায় আইসিইউ, ডায়ালাইসিস ও জরুরি বিভাগসহ হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা স্বাভাবিক হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাহিবা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।