লালমনিরহাট শহরের সাপটানা বাজার এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক আলিফ মশিউর ইসলাম ও তাঁর ৬০ বছর বয়সী মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ সময় সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, মারধর ও পকেট থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর মায়ের গলা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সাপটানা বাজার এলাকায় ভুক্তভোগীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আলিফ মশিউর ইসলাম প্রয়াত সাবেক সময় টেলিভিশনের সাংবাদিক মুফাখ্খরুল ইসলাম মজনুর ছেলে এবং সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি। এ ঘটনায় আলিফের মা মীর মাহামুদা (৬০) রাতে লালমনিরহাট সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন রিয়াদ (২২), রাহুল (২১), রাতুল (২২), হাবীব (২৩), মাহাবুব (২৪) ও আজগর আলী বাবু (৪০)। তাঁদের সবার বাড়ি সাপটানা বাজার এলাকায়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে প্রথম পাঁচজন স্থানীয় সাপটানা প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। আলিফ মশিউর ইসলাম সেখানে মাদক সেবনে বাধা দিলে তাঁদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ঘটনার দিন অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। ছেলের চিৎকার শুনে মা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করেন। আহত সাংবাদিক আলিফকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মীর মাহামুদা বলেন, পরিবারের সদস্য, সাক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।