গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকালে বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের ব্রিজের নিচে পানির মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ব্রিজের নিচে পানিতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।