পূর্বাচলে নিজের মালিকানাধীন বাড়িতে ডিবির অভিযানে মাদকসহ ৮৫ জন আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে রাজধানীর পূর্বাচলে জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এসব পার্টিতে লোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে পাঁচ বোতল মদ ও সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে। ডিবি সূত্র জানায়, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে বাড়িটিতে অভিযান শুরু হয়। বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। ভাড়াটিয়ারা সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন এবং অনলাইনে প্রচার চালিয়ে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানাতেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জব্দ করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ কত—এসব বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।