সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে একটি ‘নিউ অর্ডার’ বা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে সংবিধান মানতে বাধ্য নই। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর গ্রিনরোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটরিয়ামে 'জুলাই চার্টার এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক ব্যবস্থা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানকে ‘বিপ্লব’ হিসেবে উল্লেখ করে বদিউল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে অনেকে প্রশ্ন করেন যে এটা বিপ্লব কি না, সংজ্ঞা অনুযায়ী এটা বিপ্লব। কেননা জুলাই-আগস্ট অভ্যুত্থান একটি সফল আন্দোলন। তবে যেটা সফল না হয়, সেটা বিদ্রোহ। জুলাইয়ে যেটা ঘটেছে, সেটা বিপ্লব। কারণ এটা সফল হয়েছে। তিনি বলেন, বিপ্লব সফল হলে 'ওল্ড অর্ডার ইজ গন অ্যান্ড রুল ফর নিউ অর্ডার'। অর্থাৎ আগের শাসনব্যবস্থা, নিয়ম-কানুন বা ক্ষমতার কাঠামো অকার্যকর হয়ে যায়। একইসঙ্গে তৈরি হয় নতুন কাঠামো বা বাস্তবতা। যদিও আনুষ্ঠানিকভাবে আমাদের সংবিধান বাতিল করা হয়নি। তাই আমরা যে সংবিধান ব্যবহার করছি, তার যেন ধারাবাহিকতা রক্ষা করা হয়। কিন্তু আমরা সংবিধান মানতে বাধ্য নই। কারণ ইটস এ নিউ অর্ডার। কেননা একটা বিপ্লব হয়েছে। সেমিনারে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এমএ মতিন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু হেনা রাজ্জাকীসহ আরও অনেকে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।