প্রকাশ :: ... | ... | ...

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, নিউমার্কেটে ককটেল বিস্ফোরণ


সংযুক্ত ছবি

রাজধানীর ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে নিয়মিত পুলিশ অবস্থান করে না। পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে পরে ঢাকা কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বাইরে প্রধান সড়কে মিছিল করেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এদিকে সংঘর্ষের কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৩টার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার কারণ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শু/আজা