বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি ও পুলিশ সুপার পদে বড় রদবদল আনা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপ-সচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এরমধ্যে একটি প্রজ্ঞাপনে ৪ ডিআইজি ও ৪ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে গাজীপুর মহানগরে নতুন পুলিশ কমিশনার নিয়োগ ছাড়াও ৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অন্যদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও এআইজিসহ ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
পুলিশে বড় রদবদল এনে জারি করা প্রজ্ঞাপনগুলো দেখতে এখানে ক্লিক করুন।
জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুরের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ, এন, এম, সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এবিপিএন সদর দপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মোহাম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।