প্রকাশ :: ... | ... | ...

রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩


সংযুক্ত ছবি

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এলোপাতাড়ি গুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), সিয়াম (১৮) এবং চা বিক্রেতা আলমগীর (৩৩)। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান তিনি। গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিপন জানান, এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তাঁরা খবর পেয়েছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ গোলাগুলির সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।