প্রকাশ :: ... | ... | ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ


সংযুক্ত ছবি

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র সংক্রান্ত জটিলতার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের ফলে শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে একদল শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে বিকেল পর্যন্ত তারা শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। এরপর তারা সেখানেই অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগের দিকে অগ্রসর হন এবং সন্ধ্যা ৬টার দিকে মোড় অবরোধ করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ বলেন, “আমাদের দাবি এখন একটাই—শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলা করছেন, তাঁকে পদত্যাগ করতে হবে।” শিক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন এবং প্রশ্নপত্রসংক্রান্ত সমস্যার কারণে তারা ক্ষুব্ধ। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। শু/আজা