রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, চিকিৎসকের কাছে যেতে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শু/আজা