চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত ও মাদকের সঙ্গে আপস না করার হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে চা খাবেন এবং তাদের সঙ্গে আঁতাত করবেন এমন হলে আপনি মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এমপি বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কৃষি প্রসঙ্গে ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের কথা চিন্তা করে তারেক রহমানের উদ্যোগে ভর্তুকির মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষকদের কৃষি সমস্যা দূর করতে সারা দেশে খাল খননের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কৃষিজমিতে যাতে কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে। মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মো. আলী। এছাড়া কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও বশির মোল্লা বক্তব্য দেন। অনুষ্ঠানে চারটি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।