গোপালগঞ্জে সহিংসতার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কি না, খতিয়ে দেখছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ সেখানে তাণ্ডব চালিয়ে ভেবেছিল, সরকার তাদের মতোই গুলি চালাবে। কিন্তু বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, গণহত্যার মাধ্যমে দলটি ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এসব ঘটনার জন্য তাদের কোনো অনুশোচনা নেই। অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ওই ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ বলে চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। আইনমন্ত্রীর দাবি, একই সময়ে ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন আইনমন্ত্রী। জুলাই আন্দোলনে জেন-জির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশ ও জাতিকে দুঃসময় থেকে বের করে আনতে এই প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, পরিবারের সদস্যদের আহাজারি এবং বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।