কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা তারকা চিহ্নিত প্রশ্ন করতে সংসদে দাঁড়াতেই উত্তেজনা তৈরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ডেপুটি স্পিকার আমির হামজাকে প্রশ্ন করতে আহ্বান জানানোর পর তিনি উঠে দাঁড়ান। এ সময় সরকার দলীয় বেশ কিছু এমপি হইচই শুরু করেন। উত্তপ্ত হয়ে সংসদের পরিবেশ। এ সময় সরকার দলীয় অনেক এমপিই আবার তাদের থামতে ইশারা করেন। পরিস্থিতি শান্ত হলে আমির হামজা খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা? জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। সেই হিসেবে কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দেওয়ার লক্ষ্যে বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে। তিনি আরও বলেন, ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।