প্রকাশ :: ... | ... | ...

ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল


সংযুক্ত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের সরে দাঁড়ানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। সোমবার বিকেলে ফেসবুকে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ক্ষমতাবিষয়ক একটি উদ্ধৃতি পোস্ট করেন তিনি। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টা ৩৪ মিনিটে দেওয়া পোস্টে নুসরাত খান লেখেন, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’ উদ্ধৃতিটির বাংলা অর্থ, ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সামর্থ্য। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য যে শক্তি প্রয়োজন, ক্ষমতা হলো সেটিই।’ তবে ইশরাকের পদত্যাগের সঙ্গে উদ্ধৃতিটির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নুসরাত খানের পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার একটি ভিডিও প্রকাশের পর তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, মাদক সেবন ও বিক্রির আখড়া উচ্ছেদ এবং মাদক সরবরাহের চক্র ভেঙে দেওয়াই ছিল তার অভিযানের উদ্দেশ্য। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে চেয়েছিলেন বলেও জানান তিনি। ইশরাকের অভিযোগ, অভিযানের মূল উদ্দেশ্যের বদলে গণমাধ্যমে ‘অস্ত্র’, ‘ইশরাক’ ও ‘অস্ত্র উঁচিয়ে অভিযান’-এর মতো বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যম বিভ্রান্তিকর বয়ান তৈরি করে সংবাদ প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমের এমন প্রচারকে পদ ছাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে ইশরাক বলেন, এ পরিস্থিতিতে দল ও সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাননি তিনি। প্রধানমন্ত্রীর ইতিবাচক কর্মকাণ্ড যেন আড়ালে না পড়ে, সে বিবেচনা থেকেই স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাদকের আস্তানা ও সরবরাহকারীদের শনাক্ত করতে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ইশরাক। একই সঙ্গে দেশ ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখার উদ্যোগে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।