প্রকাশ :: ... | ... | ...

‘এক শর্তে’ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত


সংযুক্ত ছবি

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হলে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় মেনে নিলে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জামায়াত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবে দলটি। সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না, এমনকি সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না, তাঁকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সরকারি দলের জনপ্রতিনিধিদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার আরও বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। এসব ঘটনা সরকারকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে। তবে এখনই সরকারের পদত্যাগ দাবি করছেন না জানিয়ে তিনি বলেন, সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক—এটাই তাঁদের প্রত্যাশা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই কোনো সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী বা টেকসই হয় না। তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধী দলের সম্মিলিতভাবে তা পাস করা উচিত। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে অতীতের মতো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে জামায়াত এবং সরকারকে সহযোগিতা করবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ড বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন—এমন মন্তব্য করে তিনি সরকারের ভূমিকার সমালোচনা করেন। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় দেশ ছেড়ে চলে গেছেন। এখন ক্ষমতাহীন অবস্থায় তাঁর বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেন তিনি। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা করা হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় কোনো এমপি-মন্ত্রী বা তাঁদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেনি। অথচ বর্তমান সরকার নিজেদের জনপ্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারছে না। আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সেই ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি যৌথভাবে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। তাঁর দাবি, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে বিএনপি এখন দলটির কর্মকাণ্ডের চাপে পড়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হলে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। এ কারণে সরকার এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে দাবি করেন তিনি। জাতীয় ঐক্য গড়ে তুলতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান সাদিক কায়েম। সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ বিদেশে অবস্থান করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে তাঁদের অভিযোগ। দলটির লক্ষ্য নিরীহ কর্মী-সমর্থকদের ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরি এবং সরকারকে ব্যর্থ করা। এ পরিস্থিতি মোকাবিলায় গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্কের সমালোচনা করে বুলবুল বলেন, ওই রাষ্ট্রের সঙ্গে সরকারের অতিরিক্ত ঘনিষ্ঠতা বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না। সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ অন্য নেতারা। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।