প্রকাশ :: ... | ... | ...

‘এমন রাজনীতি চাই না’, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে


সংযুক্ত ছবি

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তিন তরুণকে আটকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ঘোষণা; ভয়ভীতি দেখিয়ে দলে নেওয়ারও অভিযোগ মিরান ফকিরের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্যপদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির। সংবাদ সম্মেলনে মিরান ফকির দাবি করেন, তাঁর বাবা বয়োবৃদ্ধ এবং রাজনীতি সম্পর্কে তেমন কিছু বোঝেন না। তাঁকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাঁকেও ভয় দেখিয়ে দলটিতে যুক্ত করা হয়। তবে তাঁদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; সদস্য হিসেবে রাখা হয়েছিল। মিরান জানান, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তাঁরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের মিল খুঁজে পাননি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মতো কর্মকাণ্ড তাঁরা সমর্থন করেন না। মিরান ফকিরের ভাষ্য, রোববার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তিন তরুণকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তাঁরা মর্মাহত হয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন—এমন প্রশ্নও তোলেন তিনি। মিরান বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মানুষকে মারধর করা হলে এমন রাজনীতি তাঁরা চান না। শেখ হাসিনার প্রতি তাঁদের আবেগ ও ভালোবাসা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্যপদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাবা-ছেলে। বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মিরান ফকির। স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন রোববার দিনভর সহিংসতা ও নাশকতার ঘটনার পর সোমবার গোপালগঞ্জের জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে সাঁজোয়া যানসহ বিজিবি সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। শহরের সড়কে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করে। স্কুল-কলেজ ও দোকানপাটও খুলেছে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। যশোর এরিয়ার বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি সামাল দেওয়া এবং সরকারি সম্পত্তি ও মানুষের জানমাল রক্ষায় বিজিবি কাজ করছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রোববারের সহিংসতার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।