অধ্যাপক আবদুল মতিন এবং সাইফুল ইসলাম শহীদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল মতিন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম শহীদ। একই সঙ্গে ১৯ সদস্যের জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, সম্প্রতি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে শূরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে নতুন কমিটির দায়িত্বশীলদের নির্বাচন ও মনোনয়ন চূড়ান্ত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক আবদুল মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালক মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওই অঞ্চলের টিম সদস্য একেএম শামসুদ্দিন। ঘোষিত কমিটিতে নায়েবে আমির হয়েছেন অধ্যাপক আলমগীর সরকার। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, মুফতি আমিনুল ইসলাম ও অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন। অধিবেশন শেষে নবনির্বাচিত নেতারা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।