রুকন হওয়ার বাধ্যবাধকতা ছাড়াই যুক্ত হতে পারবেন বিশেষজ্ঞরা দলকে আরও গণমুখী ও সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে দলটি। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। এই পরিষদে যুক্ত হওয়ার ক্ষেত্রে জামায়াতের রুকন বা শপথধারী সদস্য হওয়ার বাধ্যবাধকতা থাকবে না। দলীয় সূত্র জানায়, এ বিষয়ে গঠনতন্ত্র সংশোধন কমিটিতে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদও প্রস্তাবটির বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াতের নীতিনির্ধারকদের বিবেচনায়, দলকে গণমুখী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে এবং রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে শুধু দলীয় নেতাকর্মীদের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শও প্রয়োজন। বর্তমানে দলের নীতিনির্ধারণী ফোরামগুলোতে রুকনদের বাইরে অন্যদের অংশগ্রহণের সুযোগ নেই। নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হলে এই কাঠামোর বাইরে থেকেও বিশেষজ্ঞরা দলের আমিরকে পরামর্শ দিতে পারবেন। জামায়াতের নীতিনির্ধারণী কাঠামোয় রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরা। এসব ফোরামে রুকনদেরই অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করছে। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। সংশোধন কমিটি পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে সাবেক বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সাবেক সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে। বিরোধী দল হিসেবে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে এবং ভবিষ্যতে সরকার পরিচালনার প্রস্তুতি নিতে দলটি এ ধরনের পরামর্শ কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করছে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনে সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও উঠে এসেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিকতায় গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করেছে জামায়াত। আজ শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের ৫০০ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ প্রসঙ্গে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল জুবায়ের বলেন, দলটির ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে একটি বড় দল কাজ করছে। তাঁরা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি জামায়াত ক্ষমতায় গেলে বিভিন্ন সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে টেকসই সমাধান খোঁজা হচ্ছে। জামায়াতকে গণমুখী দলে পরিণত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট উপকমিটির সুপারিশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর তা রুকন সম্মেলনে পাস করানোর প্রক্রিয়া রয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রায় সোয়া এক লাখ রুকনের সম্মেলন আয়োজন সম্ভব না হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে সংশোধনী অনুমোদনের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।