প্রকাশ :: ... | ... | ...

গাইবান্ধায় জামায়াত নেতার পদত্যাগ


সংযুক্ত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. রাশেদুল ইসলাম বাবু নামে জামায়াতে ইসলামীর এক নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু। রাশেদুল ইসলাম উপজেলার বামনডাঙা ইউনিয়ন সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত ৩ অক্টোবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা আমির বরাবর পদত্যাগপত্র জমা দেন রাশেদুল। আবেদনে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে শাখা সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। পদত্যাগপত্রে রাশেদুল উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি তার ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য লিখিত আবেদন জমা দেন তিনি। এদিকে, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যেন কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে চাঁদ মিয়া নামে একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম শামীম বলেন, বিষয়টি জানার পর সাংগঠনিক নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু।