প্রকাশ :: ... | ... | ...

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির


সংযুক্ত ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিশির মনির বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। তিনি জামায়াতের কেউ নন। আর তার সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নির্ভর করছে স্পিকার ও নির্বাচন কমিশনের ওপর। এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। পরে শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সংসদ সদস্য নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পরে মরিয়মের পিতা মাসুম বিল্লাহ বাদি হয়ে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেন। আজ সোমবার কিছু আনুষ্ঠানিকতার পর তাদের এই মামলায় গ্রেফতার দেখানোর পর আদালতে তোলা হয়। আদালত গাজী নজরুলের ৪ দিনের এবং তার প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।