স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।” তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশের সামনে পরিবর্তনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করেছে। এখন বিভাজন ও সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সময়। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারগুলো রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাদের পেশাগত নিরাপত্তা, কর্মসংস্থান ও বিভিন্ন সমস্যার সমাধানে সরকার গুরুত্ব দেবে। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সাংবাদিক নেতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। শু/আজা