প্রকাশ :: ... | ... | ...

জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন, ক্ষমতার পালাবদল নয়: ডা. শফিকুর রহমান


সংযুক্ত ছবি

জুলাই আন্দোলনের উদ্দেশ্য কোনো একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য একটি দলকে ক্ষমতায় বসানো নয়; বরং রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ছিল বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর কাকরাইলে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনের পরও প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ বৃদ্ধি পেয়েছে এবং যোগ্য ও সৎ ব্যক্তিদের পরিবর্তে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। তিনি দাবি করেন, আন্দোলনের সময় জামায়াতে ইসলামী কোনো ধরনের আপস করেনি। গণভোটের দাবিতে দলটি অনড় ছিল এবং নানা চাপ, ভয়ভীতি ও প্রলোভন সত্ত্বেও অবস্থান থেকে সরে আসেনি। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সুযোগ জামায়াতের নেই বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত আমির বলেন, আন্দোলনের শুরু থেকেই দলটি নৈতিকভাবে শিক্ষার্থীদের সমর্থন দিয়েছিল এবং দেশবাসী ও নেতাকর্মীদের আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল। তবে আন্দোলন সফল হওয়ার পরও জামায়াত কখনো এর কৃতিত্ব দাবি করেনি। তিনি আরও বলেন, আন্দোলনের পর দলীয় নেতাকর্মীদের নির্বাচন নিয়ে ব্যস্ত না হয়ে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল পরিদর্শন, খোঁজখবর নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহায়তা করার চেষ্টা করেছে দলটি। শহীদ পরিবারগুলোর প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই স্বপ্ন বাস্তবায়িত না হলে শহীদ পরিবারের কাছে জবাবদিহি করতে হবে। বিচারের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহত নিরীহ মানুষের হত্যাকারীদের বিচার অবশ্যই হতে হবে। বিচার পেতে সময় লাগলেও তা নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, তারা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চান। সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং রাজনৈতিক কৌশলের পরিবর্তে সৎ ও স্বচ্ছ পথে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, কোনো চাপ বা ভয়ভীতির কাছে জামায়াত নতি স্বীকার করবে না এবং জনগণের অধিকার ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলটি আপসহীন থাকবে। সভায় জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা, নিহতদের স্বজন এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শু/আজা