বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই ছিল একটি ঐতিহাসিক অভ্যুত্থান, যা মানুষের গণতান্ত্রিক অধিকার, নাগরিক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। তার ভাষায়, এই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ইতিহাসের প্রতিটি বড় বিপ্লবেই রক্ত ঝরেছে। তবে জুলাই বিপ্লবে মাত্র এক মাসে যে পরিমাণ প্রাণহানি ঘটেছে, তা বিশ্বের অনেক বিপ্লবের তুলনায় বিরল। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও তরুণরা রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছেন। আন্দোলনের মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, একজন গুলিবিদ্ধ হলে অন্যরা তাকে উদ্ধার করতে ছুটে গেছে, আহতদের পাশে দাঁড়িয়েছে এবং পানি পৌঁছে দিয়েছে। তার মতে, এ ধরনের সংহতি ও আত্মত্যাগ জুলাই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য। নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, ১৯ জুলাই তিনি গ্রেপ্তার হন। কারাগারে থাকাকালীনই তিনি বুঝতে পেরেছিলেন তৎকালীন সরকারের পতন অনিবার্য। পরে সরকারপ্রধান দেশ ছাড়ার খবর জানতে পেরে তিনি এটিকে জনগণের বিজয় হিসেবে দেখেন। তিনি আরও দাবি করেন, জুলাইয়ের অভ্যুত্থান ছিল ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরিণতি। তার ভাষায়, দীর্ঘ সংগ্রামের পর জুলাই মাসেই সেই আন্দোলনের সফল পরিণতি এসেছে। তিনি বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত আত্মত্যাগ হয়েছে, তা যেন ভবিষ্যতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, প্রধান বক্তা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম। শু/আজা