সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাঙ্গণে দুই দিনব্যাপী এ বিশেষ কার্যক্রম বাস্তবায়িত হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারা দেশে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি। এই দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ হিসেবেই আগামী দুই দিন দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য। নির্ধারিত দুই দিনে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ ক্যাম্পাসে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশ নেবেন।