প্রকাশ :: ... | ... | ...

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স


সংযুক্ত ছবি

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে তিনি এ আবেদন করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলেছে, তাদের হাতে ওই চিঠি এসেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম প্রকাশ্যে এল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তাঁর এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। এর আগে ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন। লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা। এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে এ রায় দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। অনেকে কারাগারেও আছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। তবে তাঁর দেশে ফেরা ভারত ও বাংলাদেশের মধ্যকার টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।