ঢাকা, ৮ ফেব্রুয়ারি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া অসম্পূর্ণ। দেশের ৫১ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত না হলে সঠিক উন্নয়ন সম্ভব নয়। রোববার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাতৃস্বাস্থ্য, শিশু অধিকার, নারী শিক্ষা ও শ্রমজীবী নারীর অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, প্রত্যেক উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা এবং মেয়েদের বিনামূল্যে উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে। ডা. জুবাইদা রহমান কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ যাতায়াত, ডে কেয়ার সেন্টার এবং প্রবীণ নারীদের সুরক্ষা বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করা হবে এবং নারী কর্মসংস্থান বাড়ানো হবে।” সভায় তিনি নগর ব্যবস্থাপনা, পরিবহন ও জনদুর্ভোগ লাঘবের বিষয়েও আশ্বাস দেন এবং বলেন, “আমরা একে অপরের কথা শুনব এবং সম্মিলিত প্রচেষ্টায় সমস্যার সমাধান করার চেষ্টা করব।”