প্রকাশ :: ... | ... | ...

নিষিদ্ধ আ.লীগের সহযোগিতায় বিএনপি হামলা চালাচ্ছে: এনসিপির অভিযোগ


সংযুক্ত ছবি

নির্বাচনি প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এসব হামলা চালাচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এসব অভিযোগ তুলে ধরে এনসিপি। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত। তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। নির্বাচনি প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি পরিকল্পিত হামলা চালাচ্ছে।” এ সময় সিইসি বরাবর দেওয়া লিখিত অভিযোগে সম্প্রতি সংঘটিত আটটি হামলার ঘটনার উল্লেখ করে দলটি। এনসিপির অভিযোগে আরও বলা হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন এক বক্তব্যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইয়ের জরিপের কথা উল্লেখ করেছেন, যা এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে, গত ৩১ জানুয়ারি কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা দলীয়ভাবে সহযোগিতা করছেন বলেও অভিযোগ করে এনসিপি। সংবাদ সম্মেলনে দলটি জানায়, দেশব্যাপী সংঘটিত হামলাগুলোর ধরন (প্যাটার্ন) বিশ্লেষণ করলে দেখা যায়, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরিকল্পিতভাবে এসব সহিংসতা ঘটিয়ে যাচ্ছে।