সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে চলমান রাজনৈতিক সহিংসতা মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানিয়েছেন জামায়াতের এক সংসদ সদস্য। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের ওই সংসদ সদস্য জানান, মাগরিবের নামাজের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানান। পরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁরা বৈঠকে বসেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। তিনি বলেন, বৈঠকে বিরোধীদলীয় নেতা জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় মতবিরোধ পেছনে রেখে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়ে উভয় নেতা একমত হন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার মধ্যে দুই শীর্ষ নেতার এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর বৈঠকটি অনুষ্ঠিত হলো। সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িসহ একটি থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকায় কয়েকটি বাসে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। বুধবার নড়াইলে বিএনপির একটি মিছিলকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনার জন্য বিএনপি ও সংশ্লিষ্ট পক্ষগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে। এসব ঘটনার পর সংসদে রাজনৈতিক ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। পতিত ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে দাঁড়াতে হবে। সংসদে প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক দলগুলোর পাশাপাশি সংসদের বাইরের দলগুলোর প্রতিও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত অপশক্তির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ আর কোনোভাবেই তাবেদারি শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি—এমন বক্তব্য দিয়েছেন। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে সংসদে আলোচনা হচ্ছে। কর্মসূচি ঘোষণা করবে জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। এ ছাড়া আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ারও নির্দেশনা দেন তিনি। গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রশাসনসহ সরকারের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হওয়া উচিত নয়। চলমান সহিংসতা মোকাবিলা, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্যের প্রশ্নে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।