ছবি : বিডিনিউজ
জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়নি: পুলিশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকেলে মহসিন উল ইসলামকে হেফাজতে নেওয়া হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহসিন উল ইসলামের নেতৃত্বে দলের নেতাকর্মীরা নগরের জেলা পরিষদ চত্বরে জড়ো হন। এ সময় পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে নেতাকর্মীরা নগরের লঞ্চঘাট এলাকার একটি রেস্তোরাঁয় পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করেন। সেখান থেকে মহসিন উল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। হেফাজতে নেওয়ার সময় মহসিন উল ইসলাম বলেন, জাপা চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ‘নিবন্ধিত একটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক দেশে মিছিল করতে দেওয়া হলো না।’ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, মহসিন উল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।