কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়েছে। শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে কামাল উদ্দিনের কথা-কাটাকাটির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তিনি বলেন, কামাল উদ্দিন এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। স্থানীয়দের কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আইনজীবী এম কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। প্রায় এক মাস আগে তিনি কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকায় ওই বাসা ভাড়া নেন। শুক্রবার রাতে সেখানে স্থানীয় কয়েকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। প্রায় এক মাস আগে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি বলেও দাবি করেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করেছেন তিনি।