প্রকাশ :: ... | ... | ...

বোমাবাজি ও আগুনের ঘটনায় ফিরছে কি আতঙ্কের দিন?


সংযুক্ত ছবি

রাজধানীর ভাটারায় রোববার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুনের ঘটনা ঘটে। ছবি : বিডিনিউজ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত প্রায় এক সপ্তাহে যাত্রীবাহী বাস, স্কুলবাস, পুলিশের গাড়ি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। কোথাও সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে, কোথাও থানা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিস্ফোরিত হয়েছে হাতবোমা। এসব ঘটনায় পুলিশ সদস্য, গাড়িচালকসহ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনার পর অসুস্থ হয়ে এক চালকের মৃত্যুও হয়েছে। সরকার এসব ঘটনাকে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে দেখছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, দেশের রাজনীতিতে সহিংসতার পুরোনো সেই আতঙ্ক কি আবার ফিরে আসছে? সন্তানদের স্কুলে পাঠানো, রাতে বাইরে বের হওয়া কিংবা গণপরিবহনে চলাচল—সবকিছু নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে অনেককে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও। বাসে অগ্নিসংযোগ ঠেকাতে পুলিশি টহল বাড়ানোর অনুরোধ করেছেন তাঁরা। অভিভাবকেরা পরিস্থিতি বিবেচনা করে সন্তানদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন। এ পরিস্থিতিতে মঙ্গলবার সারা দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৈঠকে পলাতক আওয়ামী লীগ নেতাদের ধরতে নজরদারি বাড়ানো, হাতবোমার উৎস শনাক্ত করে তা বন্ধ করা এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ মঙ্গলবার রাতে বলেন, ‘এমন পরিস্থিতিতে এ ধরনের নির্দেশনা সাধারণ বিষয়। এগুলো বিশেষ কিছু না। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের মিছিল ও ঝটিকা কর্মসূচির খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কোথাও কোথাও মিছিল করে দ্রুত সরে যাওয়ার দৃশ্য দেখা গেছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। জুলাই মাসে এ পরিকল্পনার কথা জানালেও নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এর কয়েক দিন আগে থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা বাড়তে থাকে। ফলে রাজনৈতিক পরিস্থিতি ঘিরে উদ্বেগের পাশাপাশি জননিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান অবশ্য মনে করেন, এসব ঘটনায় অধিকাংশ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়নি। মঙ্গলবার সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কী হচ্ছে, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন থাকা স্বাভাবিক। তবে পরিস্থিতি ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বলে তিনি মনে করেন না। খালি বাসে অগ্নিসংযোগের ঘটনাও মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করতে পারে বলে স্বীকার করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি আগে একদিন বলেছিলাম, সেটা হল এই দলটা। এটা একটা মাফিয়া দল…তাদের যেহেতু প্রচুর ফান্ড আছে। ফান্ড দেওয়ার মাধ্যমে কিছু এই ধরনের চেষ্টা তারা হয়তো করতে পারবে।’ এক দিনেই ৪৬টি ঘটনা পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার ঘটনায় ওই দিন শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকায় সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়। রাজধানীর বাইরে সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই ১২ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই জাদুঘর, আনসার সদর দপ্তর, পল্লবী থানা, রূপনগর থানা, আদাবর থানা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পুলিশের গাড়ি ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজধানীতে অন্তত দুজন পুলিশ সদস্য ও একজন প্রাইভেটকারচালক আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোববার রাতে পল্লবী থানা প্রাঙ্গণে ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে থানা প্রাঙ্গণে থাকা এসআরবির এক সদস্য আহত হন। তাঁর নাম ইয়ার উদ্দিন। তিনি এসআরবি-৪-এ কর্মরত। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাটারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসেও আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ১০০ ফুট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়। এর আগে বৃহস্পতিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা গল্ফ ক্লাবের সামনে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাইভেটকারচালক সোহেল আহত হন। সোমবার ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে চালক কালাচাঁন অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্কুলে সন্তান পাঠানো নিয়েও দুশ্চিন্তা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। শুক্রবার মোহাম্মদপুরের আদাবর থানার সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম। সে সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। আরিফুল বলেন, ‘চোখের সামনে প্রথমবার ককটেল বিস্ফোরণ দেখেছি। এরপর থেকে রাতে বাইরে বের হতে ভয় করে।’ তিনি আরও বলেন, ‘এই বছরের শুরুর দিকে মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন মারা গেছে। এখন আবার যেভাবে ককটেল বিস্ফোরণ ঘটছে, কখন নিজেই এর শিকার হই, সেই দুশ্চিন্তায় আছি।’ স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে কেউ কেউ স্কুলে পাঠানো থেকে বিরত থাকছেন। মঙ্গলবার রাজধানীর শংকর এলাকায় নালন্দা স্কুলের শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধানে রাখার কথা জানা গেছে। অগ্নিসংযোগের আশঙ্কায় স্কুলের গাড়িগুলোতে বিশেষ নজরদারি করা হয়। স্কুল প্রাঙ্গণের বাইরে কোনো শিক্ষার্থীকে অবস্থান করতেও দেওয়া হয়নি। নালন্দা স্কুলের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক আবু বাকার সিদ্দীক মঙ্গলবার মেয়েকে স্কুলে পাঠাননি। তিনি বলেন, ‘সাধারণত কোনো রাজনৈতিক গোলযোগ থাকলে আমার সন্তানদের সে সময় বা দিনে স্কুলে পাঠাই না। আমরা নিজেরাও এরকম সময়ে বাইরে তেমন একটা বের হই না। এ সময় যেহেতু অগ্নিসংযোগ বা হাতবোমা বিস্ফোরণের মতো বিষয়গুলো ঘটেছে, সেহেতু আমাদের সন্তানকে স্কুলে দিইনি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাজিমও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, ‘ঢাকায় আমরা সবসময় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিরাপদ স্থান। বাইরে সব হলেও আমরা এখানে নিরাপদ। কিন্তু গত কয়েকদিন যে অবস্থা দেখেছি, তা আমাদের মধ্যে নতুন করে চিন্তার জন্ম দিয়েছে। যে পরিমাণ ককটেল বিস্ফোরণ হচ্ছে, এতে মনে হয় আমরা এখানেও নিরাপদ না।’ মঙ্গলবার রাতেও রাজধানীর শ্যামলীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা বাড়ানোর দাবি পরিবহন মালিকদের ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা বেশি ঘটছে। এ কারণে মালিকদের পার্কিংয়ে রাখা গাড়িগুলোর জন্য নৈশপ্রহরী রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উনাকে রাতে পুলিশ টহল বাড়াতে অনুরোধ করা হয়েছে। আমাদের কথা শুনে, তিনি তাৎক্ষণিক ডিসিদের নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে জোনাল কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’ বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর আগে সোমবার ডিএমপি কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়। ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনার পর চালকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান। তিনি বলেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওকে আমরা সমর্থন করি না। এ ধরনের অপতৎপরতা রুখে দিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।’ পুলিশের দাবি, মনোবল অটুট মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া গত কয়েক দিনে রাজধানীতে দায়িত্ব পালনকালে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত নয়জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আকতার হোসেন। তবে আহতদের কেউ গুরুতর অবস্থায় নেই বলে জানান তিনি। আকতার হোসেন বলেন, ‘পুলিশ কাজ করে দেশপ্রেম ও দায়িত্বের জায়গা থেকে। তাই এভাবে পুলিশের ওপর চোরাগুপ্তা বা ঝটিকা হামলা করে কোনো লাভ হবে না। এতে পুলিশের মনোবল নষ্ট হয় না।’ একদিকে ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, অন্যদিকে স্কুলগামী শিশু, যাত্রী, চালক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সরকার ও পুলিশের পক্ষ থেকে নাশকতা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহনে নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাবে।