প্রকাশ :: ... | ... | ...

বোর্ড ভাঙার প্রক্রিয়ায় প্রভাবশালী ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত: আসিফ মাহমুদ


সংযুক্ত ছবি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ কেন্দ্র করে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, বর্তমান পর্ষদ ভেঙে ফেলার পর আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, সে লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিং করছেন। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, ‘অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহর পুত্র জয় শাহর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান।’ এরপর তিনি আরও লিখেছেন, ‘এর আগেও বিসিবি নির্বাচনের সময় তার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য আর্থিক নিষেধাজ্ঞা কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয়, সেটি নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং। উল্লেখ্য, এর আগেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।’ আসিফ মাহমুদ মনে করেন, ‘আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা উচিত।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু?’