প্রকাশ :: ... | ... | ...

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনার বিষয় অজানা


সংযুক্ত ছবি

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দুই দেশের বাইরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এরই মধ্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের কেউ কেউ। তবে বৈঠকে শেখ হাসিনা বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।