ধোঁয়ায় আচ্ছন্ন হয় এলাকা; হতাহতের তথ্য পাওয়া যায়নি মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠেছে ঢাকা কলেজের হলপাড়া। কলেজের সাউথ হল ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে শিক্ষার্থীরা জড়ো হন। প্রত্যক্ষদর্শী ও ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান জানান, তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে খাবার খেতে ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ১০ হাত দূরে বিস্ফোরণ ঘটে। নাহিদ বলেন, ‘বিকট শব্দ শুনে মুহূর্তের জন্য স্থবির হয়ে যাই। ঠিক তখনই সেখানে প্রচুর ধোঁয়া তৈরি হয়।’ কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিজভী জানান, তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে দুই হলের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওপর থেকে আলোর মতো কিছু একটা নিচের দিকে আসতে দেখেন। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। বিস্ফোরণের বেশ কিছুক্ষণ পরও সেখানে আলোর আভা দেখা যাচ্ছিল বলে জানান তিনি। এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে বিস্ফোরণের উৎস, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘এমন ঘটনা আমি এখনো কিছু জানি না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’ বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।