প্রকাশ :: ... | ... | ...

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী


সংযুক্ত ছবি

মাদকমুক্ত সমাজ গঠন ও সামাজিক অবক্ষয় রোধে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে সমাজের অবক্ষয় থেকে মুক্ত হওয়া সম্ভব। তিনি অভিযোগ করে বলেন, আশপাশের দেশ থেকে মাদক প্রবেশ করিয়ে দেশের তরুণ প্রজন্মকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। পানিসম্পদমন্ত্রী বলেন, অভাব-অনটনের মধ্য দিয়েই সরকার দেশ পরিচালনা করছে। নির্বাচনের পর একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সরকারের অন্যতম চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফসহ অন্যরা। শু/আজা