ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের; নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান, প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়, বাতিল হওয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র এবং ভারতে অবস্থান—সব মিলিয়ে তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার নতুন পাসপোর্টের জন্য করা তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। অন্যদিকে আওয়ামী লীগ জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকুক বা না থাকুক, শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর সমর্থকদের মধ্যে নতুন করে রাজনৈতিক সক্রিয়তা তৈরি হওয়ার পাশাপাশি দেশে উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক একজন প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁকে কীভাবে সামাল দেওয়া হবে, সেটিও বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, তাঁর বিরুদ্ধে মামলার পটভূমি, নতুন ভ্রমণ নথির আবেদন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য প্রভাব তুলে ধরেছে। কেন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। তাঁর দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমন, মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য নষ্ট করার ব্যাপক অভিযোগ ওঠে। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর শাসনামলে বিরোধী দলের অনেক নেতা দেশের বাইরে অবস্থান করতেন। রাজনৈতিক বিরোধীরা প্রায়ই নির্বাচন বর্জন করতেন। ফলে দেশের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিযোগিতামূলক পরিবেশ ও গণতান্ত্রিক ভারসাম্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল। ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটে। শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শেখ হাসিনার দীর্ঘদিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রয়াত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তারেক রহমানও লন্ডনে অবস্থান করতেন। নতুন ভ্রমণ নথি কেন প্রয়োজন ভারতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে। ফলে বিদেশে অবস্থান করলেও নিয়মিত ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথি তাঁর হাতে নেই। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথির জন্য আবেদন করেন। ই-মেইলে পাঠানো চিঠিতে তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আওতায় বাংলাদেশের দায়বদ্ধতার বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে নথিগুলো দ্রুত দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে বাংলাদেশ সরকার তাঁর নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। সরকার বলছে, তারা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। একই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, শেখ হাসিনার সঙ্গে একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারীর মতো আচরণ করে তাঁকে দেশে আসার সুযোগ দেওয়া হবে কি না, সেই প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘আমরা কি তার সঙ্গে একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারীর মতো আচরণ করব এবং বলব যে এসে শ্বশুরবাড়ি ঘুরে যান?’ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন এবং তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। অবশ্য গত এপ্রিলে নয়াদিল্লি জানিয়েছিল, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়। এ প্রেক্ষাপটে বাংলাদেশের করা বন্দী প্রত্যর্পণের অনুরোধও পরীক্ষা করে দেখছে ভারত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তন যেন বড় ধরনের রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত না হয়, সেটি নিশ্চিত করতে চায় বাংলাদেশ সরকার। কারণ, তাঁর দেশে ফেরা আওয়ামী লীগের সমর্থকদের নতুন করে সংগঠিত ও সক্রিয় করে তুলতে পারে। এরপর কী ঘটতে পারে প্রয়োজনীয় ভ্রমণ নথি না পেলেও শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির বক্তব্য, পাসপোর্ট বা অন্যান্য নথি থাকুক কিংবা না থাকুক, আগামী ডিসেম্বরেই দেশে ফিরবেন তিনি। তবে কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে শেখ হাসিনা কিংবা তাঁর দল এখনো বিস্তারিত কিছু জানায়নি। বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে প্রতিদিন বহু মানুষ দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে অবৈধভাবে যাতায়াত করেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, তা স্পষ্ট নয়। শেখ হাসিনার রাজনৈতিক সহকারীরা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাবেন। গত জুলাইয়ে রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে ফিরলে কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করতে পারে, এমনকি তাঁকে হত্যা করা হতে পারে। তা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান বলে জানিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘যদি মৃত্যু আসে, তবে আমি নিজের মাটিতেই মরতে চাই, যেখানে আমার বাবা-মা শুয়ে আছেন এবং তাঁদের রক্ত ঝরেছিল।’ তিনি আরও বলেছিলেন, ঝুঁকি থাকলেও দেশের ভেতরে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া দলীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো তাঁর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলের শীর্ষ নেতারা অনুপস্থিত থাকায় আওয়ামী লীগের কর্মীরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা বিবেচনায় নিয়ে তিনি দেশে ফেরার প্রয়োজনীয়তা অনুভব করছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ এখনো শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। চলতি বছরের নির্বাচনের মধ্য দিয়ে দেশে তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেও রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি কমেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিক এই চাপের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে শেখ হাসিনা এখনো অত্যন্ত মেরুকরণ সৃষ্টিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সমর্থকদের কাছে তিনি এখনো গুরুত্বপূর্ণ নেতা। অন্যদিকে তাঁর শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের অভিযোগে বিরোধীদের কাছে তিনি তীব্রভাবে সমালোচিত। এ অবস্থায় শেখ হাসিনার প্রত্যাবর্তন তাঁর সমর্থকদের নতুন করে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরার পর কীভাবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে, তা নিয়ে সরকারকে জটিল পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। বিশেষ করে তাঁর সমর্থনে বড় ধরনের জনসমাগম হলে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষ কিংবা সহিংসতার ঝুঁকিও তৈরি হতে পারে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের বিষয় নয়; এর সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা, আওয়ামী লীগের ভবিষ্যৎ, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আইনি প্রক্রিয়ার প্রশ্নও জড়িয়ে রয়েছে। ফলে ডিসেম্বরকে সামনে রেখে তাঁর প্রত্যাবর্তন ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, তা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।