মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই। রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা হাজার হাজার বছর ধরে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করছি। ধর্মবিশ্বাস একান্তই ব্যক্তিগত বিষয়, এটাকে আমরা রাষ্ট্রের মধ্যে নিয়ে আসতে চাই না। আমরা দেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।’ সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল ২৩ মার্চ ২০২৬ কিছু রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘কিছু শক্তি আমাদের মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা করে। এমনকি কোনো কোনো দল মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করতে চায়। আমাদের উচিত নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও বাড়ানো।’ দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকটের মধ্যেও সরকার গুরুত্ব দিয়ে বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বারবার বলছেন পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে। এরপরও দেখা যাচ্ছে কিছু মানুষ আতঙ্কিত হয়ে বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে।’ তিনি বলেন, ‘বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সহায়তায় সরকার গঠন করেছে, এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সত্যকে সামনে রেখেই আমরা সামনে এগিয়ে যাব।’