সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ লংমার্চের আয়োজন করেছে। নাহিদ ইসলাম বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত মানুষের দাবি নিয়ে এ লংমার্চ। যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এ কর্মসূচি। যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।” তিনি আরও বলেন, “এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। যারা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে এ লংমার্চ। যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এ লংমার্চ।” জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। শু/আজা