গত বছরের ডিসেম্বর বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম অস্থির সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালায় উচ্ছৃঙ্খল জনতা। এরপর ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাঁচ দিন পর তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। এক বছর পর আবারও সামনে এসেছে ডিসেম্বর। তবে এবার ভিন্ন ধরনের রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক অনিশ্চয়তা ঘিরে মাসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হাদির মৃত্যুবার্ষিকী এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তির পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে। এসব ঘটনার সম্মিলিত প্রভাব আগামী ডিসেম্বরকে বাংলাদেশের জন্য কঠিন সময়ের মুখোমুখি করতে পারে বলে মনে করছে এশিয়া টাইমস। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ডিসেম্বর ঘিরে সবচেয়ে বড় অনিশ্চয়তার একটি শেখ হাসিনাকে কেন্দ্র করে। তিনি ওই মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন। গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি দিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানায়। একই দিন বিএনপির সংসদীয় দলের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বৈঠকে সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ চায় শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে ফিরতে দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করা হোক। ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনতে সরকার কোনো আইনি বাধাও দেখছে না। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তিনি সেই সুযোগ হারিয়েছেন। দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানান তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশের একটি অংশে এখনো তাঁর সমর্থন রয়েছে। ফলে বাংলাদেশের রাজনীতিতে তিনি বিতর্কিত ও প্রভাবশালী এক চরিত্র হিসেবেই রয়েছেন। এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে সরকারকে একাধিক কঠিন পরিস্থিতি সামাল দিতে হতে পারে। আদালতের রায় কীভাবে কার্যকর হবে, তাঁর নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে এবং তাঁকে ঘিরে সম্ভাব্য জনসমাগম ও রাজনৈতিক পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে—এসব প্রশ্ন সামনে আসবে। ফেরার তারিখ ঘোষণা করা হলে মানুষ রাস্তায় নেমে আসতে পারে। এমনিতেই দেশে অস্থিরতার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সাম্প্রতিক দিনগুলোতে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। গত ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে অন্তত ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, এই তিন দিনে রাজধানীতে ৪৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ১০ নভেম্বর সারা দেশে আরও ২২টি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। সেদিন একজন নিহত হন এবং অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। পুলিশের অভিযোগ, ডিসেম্বর সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব হামলা চালাচ্ছেন। একই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে—এ বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে দেখছে এশিয়া টাইমস। প্রতিবেদনটির বিশ্লেষণে বলা হয়েছে, কর্তৃপক্ষ গণগ্রেপ্তার বা অতিরিক্ত বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে নিরাপত্তা সংকট দ্রুত রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে। ডিসেম্বরের রাজনৈতিক তাৎপর্যও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের বিজয়ের মাস। বর্তমান বিএনপি সরকারের অধীনে এবারই প্রথম বিজয় দিবস পালিত হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে টানাপোড়েন রয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই তাদের রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছিল। তবে বিরোধীদের অভিযোগ, নিজেদের সমালোচনা দমনে দলটি ইতিহাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক অতীত ও ভবিষ্যৎ নিয়ে বিতর্ককে আরও জটিল করেছে। নতুন সরকার কীভাবে বিজয় দিবস পালন করে এবং বিরোধী দলগুলো সেই আয়োজনকে কীভাবে নেয়, তা থেকেও নতুন উত্তেজনা তৈরি হতে পারে। পাশাপাশি পাল্টাপাল্টি সমাবেশ, বক্তব্য ও বিক্ষোভের আশঙ্কা ডিসেম্বরকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসবে—সেই ঘটনার পর পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে? ১৮ ও ১৯ ডিসেম্বরের হামলাগুলো কেবল ভাঙচুরের ঘটনা ছিল না। দ্য ডেইলি স্টার ও ডিসমিসল্যাবের এক অনুসন্ধানে দেখা গেছে, হামলার আগে অনলাইনে উসকানি ছড়িয়ে সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হয়েছিল। প্রকাশ্যে হুমকি দেওয়া হলেও তা ঘণ্টার পর ঘণ্টা উপেক্ষা করা হয় বলে অনুসন্ধানে উঠে আসে। এক বছর পরও প্রশ্ন রয়েছে, এসব হামলার জন্য দায়ী ব্যক্তিদের কতজনকে বিচারের আওতায় আনা হয়েছে এবং সাংবাদিক, সম্পাদক ও সংস্কৃতিকর্মীরা আগের তুলনায় কতটা নিরাপদ বোধ করছেন। নতুন করে অস্থিরতা দেখা দিলে নিজেদের অবস্থান ও কর্মকাণ্ডের কারণে এসব প্রতিষ্ঠান আবারও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এশিয়া টাইমসের মতে, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ভূমিকা মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তার অঙ্গীকারের বড় পরীক্ষা হয়ে উঠবে। ভারতের সঙ্গে টানাপোড়েন ও উসকানিমূলক বক্তব্য এসব ঘটনা ঘটছে ভারতের সঙ্গে বাংলাদেশের অস্বস্তিকর সম্পর্কের প্রেক্ষাপটে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তাঁর অবস্থান দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি করেছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তাঁর প্রত্যর্পণ চাইলেও নয়াদিল্লি এখনো তাঁকে হস্তান্তর করেনি। শেখ হাসিনা দেশে ফিরলে তিনি কী পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছিলেন এবং সে ক্ষেত্রে ভারতের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে তিনি ভারতে অবস্থান করতে থাকলে তাঁকে ফেরত পাঠানোর দাবি দুই দেশের সম্পর্কের ওপর চাপ অব্যাহত রাখবে। এর মধ্যে ভারতীয় রাজনীতিবিদদের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে সম্প্রতি দাবি করেছেন, দেশভাগের সময় নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভুলবশত বাংলাদেশের অংশ হয়ে গিয়েছিল এবং ভারতের উচিত এগুলো পুনরুদ্ধার করা। নিশিকান্ত দুবে ভারত সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেননি। তবে অতীতেও ভারতীয় রাজনীতিবিদদের কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়েছেন। এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, দুই দেশের বর্তমান টানাপোড়েনের মধ্যে তাঁর মন্তব্যকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ সীমিত। এমন বক্তব্য বাংলাদেশে ক্ষোভ বাড়াতে পারে এবং জাতীয়তাবাদী অবস্থানকে আরও জোরালো করতে পারে। এ ছাড়া পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার মতো বিষয়ে সহযোগিতা এগিয়ে নিতে দুই দেশের সরকারের জন্য নিজ নিজ দেশে জনসমর্থন তৈরি করাও কঠিন হয়ে উঠতে পারে। একসঙ্গে একাধিক চ্যালেঞ্জ এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, এসব সমস্যার প্রতিটি আলাদাভাবে মোকাবিলা করা তুলনামূলক সহজ হতো। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আইনি ও কূটনৈতিক; সাম্প্রতিক হামলাগুলো নিরাপত্তাসংক্রান্ত; আর বিজয়ের মাস ও গণমাধ্যমে হামলার বার্ষিকী রাজনৈতিক দায়িত্ববোধ ও ইতিহাসের সঙ্গে যুক্ত। কিন্তু বাস্তবে ডিসেম্বর মাসে এসব ঘটনা আলাদা করে সামনে আসবে না। বরং একটির সঙ্গে অন্যটির যোগসূত্র তৈরি হতে পারে। শেখ হাসিনাকে ঘিরে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এলে বিক্ষোভ হতে পারে। সেই বিক্ষোভ সহিংস রূপ নিলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে পারে। এতে নতুন সংঘাত তৈরি হওয়ার পাশাপাশি রাজনৈতিক দমন-পীড়ন ও গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে পুরোনো বিতর্ক আবার সামনে আসতে পারে। এসব বিতর্ক পেছনে ফেলার চেষ্টা করছে বাংলাদেশ। একই সময়ে ভারত থেকে আসা উসকানিমূলক বক্তব্য আগে থেকেই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এমন সব অনিশ্চয়তার মধ্যেই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম ডিসেম্বর পার করতে যাচ্ছে। এ মাসে কী কী ঘটনা ঘটবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সরকার কীভাবে পরিস্থিতি সামাল দেয়। রাজনৈতিক ভিন্নমত ও জনবিক্ষোভ সংযমের সঙ্গে মোকাবিলা করা, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা—এসব ক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। রাজনৈতিক নেতারা অন্তত বিজয়ের মাসে অভিন্ন অবস্থানে আসতে পারবেন কি না, নাকি রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে দেশের ইতিহাস আবারও বিভাজনের হাতিয়ার হয়ে উঠবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। একই সঙ্গে ঢাকা ও নয়াদিল্লি নিজেদের মতপার্থক্যকে জনপরিসরে আরও তিক্ততা ছড়ানো থেকে কতটা দূরে রাখতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় পার করেছে। তবে এবারের ডিসেম্বর একসঙ্গে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রাজনৈতিক সম্পর্কের পরীক্ষা নিতে পারে। বড় ঝুঁকি শুধু কোনো একটি ঘটনা সামাল দিতে ব্যর্থ হওয়া নয়; বরং এসব ঘটনা পরস্পরকে আরও উসকে দিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। সে কারণে রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ভুলের সুযোগও সীমিত থাকবে। ডিসেম্বর শেষে স্পষ্ট হতে পারে, গত এক বছরে বাংলাদেশের কতটা পরিবর্তন হয়েছে এবং কোন কোন সংকট এখনো অমীমাংসিত রয়ে গেছে। সূত্র: এশিয়া টাইমস