আজাদ
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়েই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে কাকে মনোনয়ন দেওয়া হবে। সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপিকে ফ্যাসিবাদী বলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি একাধিকবার সরকার গঠন করেছে। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে তাদের দলের নেতারাই মূল্যায়ন করবেন। উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।