প্রকাশ :: ... | ... | ...

সরকার পরিচালনায় ব্যর্থ প্রধানমন্ত্রী, দেশে দলীয় সন্ত্রাস চলছে: নাসীরুদ্দীন পাটোয়ারী


সংযুক্ত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনায় ইতোমধ্যেই ব্যর্থ হয়েছেন। তিনি দাবি করেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের দুরবস্থা এবং দলীয় সন্ত্রাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “বাংলাদেশ সন্ত্রাসের জন্য প্রস্তুত নয়। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াব এবং লড়াই করব। প্রয়োজন হলে জেলে যাব, না হয় কবরে যাব, কিন্তু কোনো আপস করব না।” তিনি অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদ নতুন করে আসেনি; বরং আগের কাঠামোই বহাল রয়েছে। তার ভাষ্য, “আগে এই চেয়ারে ছিলেন শেখ হাসিনা, এখন সেই কাঠামোর ওপর বসেছেন তারেক রহমান। রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে।” নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, গণ-অভ্যুত্থানের পর গণতান্ত্রিক যাত্রা শুরু হলেও সাম্প্রতিক নির্বাচনে সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তিনি অভিযোগ করেন, ভবিষ্যতের নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রশাসনে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি নিয়োগ প্রসঙ্গেও তিনি আপত্তি জানিয়ে বলেন, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদ দলীয়করণ করা উচিত নয়। ভবিষ্যতে প্রয়োজনে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে করার দাবি তোলারও ইঙ্গিত দেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বিএনপিকে এ সনদ বাস্তবায়ন করতেই হবে। তিনি দাবি করেন, এ বিষয়ে আন্দোলন এখন রাজপথে গড়িয়েছে এবং প্রয়োজনে সংসদের সামনেও কর্মসূচি দেওয়া হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতারা। শু/আজা