প্রকাশ :: ... | ... | ...

সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধ করবে: নাহিদ ইসলাম


সংযুক্ত ছবি

সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণও প্রতিরোধের পথে হাঁটবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, দেশের ছাত্র-জনতা এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। তিনি বলেন, “গতকাল হবিগঞ্জ এবং আজ গোলাপগঞ্জে আমরা যা দেখেছি, তাতে মনে হচ্ছে দেশকে আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।” তিনি আরও বলেন, “আমরা গোলাপগঞ্জে যাব। দেখি, এই সরকারের কত সন্ত্রাসী আছে এবং তারা আমাদের কতটা বাধা দিতে পারে। তবে গণভোট, গণরায়, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।” এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনা সম্পর্কে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, একটি চলন্ত গাড়িতে পাশ থেকে ঢিল ছোড়া হয়, এতে সারজিস আলমের গাড়ির কাচ ভেঙেছে। এটিকে গাড়িবহরে সংগঠিত হামলা হিসেবে দেখার মতো তথ্য এখনো পাওয়া যায়নি। এছাড়া কেউ আহত হয়েছেন বলেও পুলিশের কাছে তথ্য নেই। উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে তাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এনসিপির অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ওই হামলায় জড়িত ছিলেন। শু/আজা