প্রকাশ :: ... | ... | ...

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি


সংযুক্ত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান। জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখা, নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করা এবং রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন কমিশনে নিয়োগ বাতিল করা। এ ছাড়া উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ পাওয়া প্রশাসকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের দাবি জানিয়েছে দলটি। তফসিল ঘোষণার পর পদত্যাগ করলেও তারা যেন এবারের নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে জন্য বিধান করার দাবি জানানো হয়েছে। নির্বাচনে মন্ত্রী, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিদের প্রচারণায় অংশগ্রহণ বন্ধে কঠোর আচরণবিধি প্রণয়নের দাবিও জানিয়েছে জামায়াত। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ওই কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে দলটি। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ সীমিত করার সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি বলেন, এটি সংবিধানে বর্ণিত নাগরিকদের সমানাধিকারের নীতির পরিপন্থি। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বিষয়টি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় দল থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে না। আগ্রহীরা নিজ নিজ অবস্থান থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন। জাতীয় নির্বাচনকেন্দ্রিক ১১ দলীয় ঐক্য স্থানীয় সরকার নির্বাচনে কার্যকর থাকবে না বলেও জানান তিনি।