প্রকাশ :: ... | ... | ...

অন্তঃসত্ত্বা শিক্ষিকার তলপেটে লাথি, বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ


সংযুক্ত ছবি

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে ওই শিক্ষিকার তলপেটে লাথি মারার অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনার পর অভিযুক্ত দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। সোমবার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। নিবেদিতা দেবের অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন। অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন। শিক্ষিকা জানান, অভিযুক্ত ব্যক্তিরা অন্য একটি জায়গায় বৈঠক করে তাঁকে সেখানে যাওয়ার জন্য খবর পাঠান। কী বিষয়ে বৈঠক, তা না জানায় তিনি তাঁদের বিদ্যালয়ে এসে কথা বলতে বলেন। এরপর তাঁরা বিদ্যালয়ে এসে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। নিবেদিতা দেব বলেন, “আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাঁদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।” শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তাঁরা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। ইউএনও তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেন। পরে তাঁরা অভিযোগ জমা দেন। এ ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। তবে শিক্ষিকাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তাঁর ভাষ্য, বিদ্যালয়ের পাশে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে তাঁরা বৈঠক করছিলেন। প্রধান শিক্ষিকাকে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলেও তিনি গুরুত্ব দেননি। পরে তাঁরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। তিনি কেন আওয়ামী লীগের লোকজনের সঙ্গে বৈঠক করছেন, শুধু তা জানতে চাওয়া হয়েছিল। তাঁকে মারধর করা হয়নি। এ ঘটনায় নিজের স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) লিখিত অভিযোগ দিতে বলায় তারা সেটি জমা দিতে এসেছেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনো বাকি। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আটপাড়া উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে। মাছুম চৌধুরী বলেন, জেলা বিএনপির পরামর্শে ওই দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।