অবশেষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার, ১২ জুলাই, সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়, এতে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। তবে বৈরী আবহাওয়ার প্রভাবের কারণে এদিন ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম ছিল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ওই সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর ও জানালীহাট স্টেশনের মাঝামাঝি এলাকায় আটকা পড়েছিল। রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানান, ষোলশহর–দোহাজারী সেকশনে রেললাইনের ওপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়েছে। তিনি আরও বলেন, রেলপথের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গত ৭ জুলাই চট্টগ্রাম ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্লাবিত হয়। রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে যাওয়ায় প্রথমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ট্রেনগুলোকে পেছনের স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়।পরদিন, ৮ জুলাই ভোরে রেলওয়ে জানায়, ষোলশহর- জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা না কমা পর্যন্ত কক্সবাজারমুখী ট্রেন চলাচল সম্ভব হয়নি। আটকে পড়া যাত্রীরা চাইলে চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারেন। আর যারা ঢাকায় ফিরতে ইচ্ছুক ছিলেন, তাদের জন্য বিকেল ৪টায় কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফেরার ব্যবস্থা করা হয়। শু/আজা