প্রকাশ :: ... | ... | ...

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান,লালমনিরহাটের  পাটগ্রামে ড্রেজার ও পাইপ ধ্বংস


সংযুক্ত ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। রবিবার (১২ জুলাই) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রশাসনের নজর এড়িয়ে ধরলা নদীর ওই অংশে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেখানে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে তা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পলাতকদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। শু/আজা