প্রকাশ :: ... | ... | ...

অসহায় নির্মাণ শ্রমিকের চিকিৎসায় আর্থিক সহায়তা শ্রমিক ইউনিয়নের


সংযুক্ত ছবি

কুড়িগ্রামের রাজারহাটে অসুস্থ ও অসহায় নির্মাণ শ্রমিক আব্দুল জব্বার আলীর চিকিৎসা ও আর্থিক সহায়তায় ৫০ হাজার টাকার চেক দিয়েছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়। চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মো. হাবিবুর রহমান হাবিবসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া। বক্তারা বলেন, শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, সংগঠনের ঐক্য এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের কোনো সদস্য বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।