বালুমহাল দখল নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ; আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীকে দায়ী করছেন আহতরা পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তিরা এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত কাকন বাহিনীর লোকজনকে দায়ী করেছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচজনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরের কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের সমর্থকদের পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা। আহত ব্যক্তিদের অভিযোগ, মিছিল চলাকালে কাকন বাহিনীর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে মেহেদী হাসানের পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তার ও বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।