রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএনসিসির অঞ্চল-৮ এর আওতাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তর খান রাজাবাড়ি এসটিএস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হন। ডিএনসিসির দাবি, সংঘর্ষ চলাকালে প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপরও হামলার ঘটনা ঘটে। তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ডিএনসিসি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। শু/আজা