প্রকাশ :: ... | ... | ...

নওগাঁয় সরকারি সেবা প্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের সংলাপ


সংযুক্ত ছবি

নওগাঁয় সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুলের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কর্মকর্তা মো. সালাহউদ্দীন, আপোসের নির্বাহী পরিচালক এস. এম. সহিদুল ইসলাম, আলোর নির্বাহী পরিচালক মাসুদুর রহমান ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাদেকুল ইসলাম। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, সিএসও, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা সংলাপে বক্তব্য দেন। কর্মসূচিতে খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মোছা. আরিফা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা বলেন, সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক থাকলে প্রতিটি সরকারি সেবা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া অনেকটাই সহজ হবে। তারা বলেন, সুশীল সমাজের সদস্যদের সহযোগিতায় জনপ্রতিনিধিরা দেশের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দিতে পারেন। অনেক সময় প্রকৃত সেবাগ্রহীতারা সরকারি বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ সম্পর্কে জানেন না। এ কারণে সুশীল সমাজের সহযোগিতা নিয়ে সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে সংলাপে মত দেন বক্তারা। শু/আজা